রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষাক্ষেত্রের উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিকায়ন করা ছাড়া বিকল্প নেই।
শনিবার (৯ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চীন দূতাবাস ও ‘চায়না-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন’ আয়োজিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা কো-অপারেশন ফোরাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। পর্যায়ক্রমে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে সিলেবাস, কারিকুলাম এবং একাডেমিক ক্যালেন্ডার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তার ভাষায়, শিক্ষার উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়।
শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক উন্নয়ন ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
এ লক্ষ্যে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে সাধারণ ও কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলবে, তাই তাদেরকে যোগ্য মানবসম্পদ হিসেবে তৈরি করতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতকে দুই দেশের সম্পর্ক জোরদারের মূল সেতুবন্ধন হিসেবে গড়ে তোলা হবে। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও বিস্তারের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। পাশাপাশি শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়, যেখানে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম বদরুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
রিপোর্টার্স২৪/ঝুম