রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে তিনি লন্ডন বরো অব নিউহ্যামের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হয়েছেন।
শুক্রবার (৮ মে) বিকেলে লন্ডনে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ৫ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হন ফরহাদ হোসেন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৫৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মির্জা পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট।
রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে কমিউনিটির বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন ফরহাদ হোসেন। স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা সমাধান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সক্রিয় ভূমিকার কারণে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন।
তার নির্বাচনী প্রচারণায় স্থানীয় সেবার মানোন্নয়ন, কমিউনিটি সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণদের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
বিজয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফরহাদ হোসেন বলেন, এই বিজয় পুরো কমিউনিটির জন্য গর্বের। তিনি সব সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করছেন, ফরহাদ হোসেনের এ অর্জন যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ আরও বাড়াবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সামাজিক অবদানের স্বীকৃতি।
রিপোর্টার্স২৪/বাবি