আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। শুক্রবার (৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতিটি শনিবার (৯ মে) থেকে সোমবার (১১ মে) পর্যন্ত চলবে।
পোস্টে ট্রাম্প লেখেন, তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৯, ১০ ও ১১ মে—এই তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছেন। কিছুক্ষণ পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ক্রেমলিনও বিষয়টি নিশ্চিত করে।
চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে এই সমঝোতা হয়েছে বলে জানানো হয়। এর আগে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘বিজয় দিবস’ উপলক্ষ্যে এককভাবে দুই দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। অন্যদিকে, ইউক্রেন দাবি করেছে, তারা আগেই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু মস্কো তা উপেক্ষা করে।
ট্রাম্প দাবি করেন, এই অনুরোধ তিনি সরাসরি করেছেন। যুদ্ধবিরতি মেনে নেওয়ায় তিনি রুশ ও ইউক্রেনীয় নেতাদের ধন্যবাদও জানান। তিনি বলেন, এ সময় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে এবং দুই দেশ থেকে ১ হাজার করে মোট ২ হাজার বন্দি বিনিময় করা হবে।
যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা চলছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তারা প্রতিদিনই সমাধানের আরও কাছাকাছি পৌঁছাচ্ছেন। তাঁর ভাষায়, আশা করি, এটি একটি দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন যুদ্ধের সমাপ্তির শুরু।
ইউক্রেন যুদ্ধ বন্ধকে ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকারগুলোর একটি হিসেবে দেখা হয়। তবে ক্ষমতায় ফেরার পরও যুদ্ধ অবসানে বড় ধরনের অগ্রগতি আনতে পারেনি ওয়াশিংটন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এখন পর্যন্ত যুদ্ধ থামাতে স্পষ্ট আগ্রহ দেখাননি।
শান্তি আলোচনার বড় বাধা হিসেবে রয়ে গেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেতস্ক অঞ্চল। মস্কো বলছে, ওই অঞ্চলের যেসব এলাকা এখনো তাদের নিয়ন্ত্রণে আসেনি, সেখান থেকে ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নিতে হবে। তবে কিয়েভ এ দাবি প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও বারবার জানিয়েছেন, কোনো শান্তি চুক্তির শর্ত হিসেবে ভূখণ্ড ছাড় দেওয়া হবে না।
রিপোর্টার্স২৪/বাবি