প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 08-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ টহলের সময় বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন টহলের অংশ হিসেবে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল নৌযানে করে অভিযানে বের হয়। টহল চলাকালে তাদের নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।
এ সময় টহল দলের অন্য সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও পুলিশ সদস্য মহসিন সরদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পুলিশ সদস্য খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে মো. মহসিন সরদার (৪৩)। তিনি বাগেরহাট জেলা থেকে নৌ-পুলিশে সংযুক্ত ছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বৃদ্ধ মাকে রেখে গেছেন। তার ছেলে সিয়ামের বয়স ১৪ বছর এবং মেয়ে নিশিথা আক্তার মুন্নির বয়স ১৯ বছর।
নারায়ণগঞ্জ নৌ সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।