স্টাফ রিপোর্টার: হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়া এবং স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম পর্যালোচনায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। ওই তালিকার ভিত্তিতে আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
সভায় দ্রুত কৃষকদের হাতে সহায়তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি ভারী বর্ষণে ক্ষতি কমাতে ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা করা হয়।
এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে তিন মাস সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিনসহ হাওরাঞ্চলের বিভিন্ন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি