দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় রাস্তার কাজে ব্যবহৃত প্রায় সাড়ে ৬ লাখ টাকার বিটুমিন চুরি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার দুলামিয়া কটন মিলের পূর্ব পাশে থাকা মেসার্স কালাম এন্টারপ্রাইজের অস্থায়ী ডিপো থেকে ৪০ ড্রাম বিটুমিন নিয়ে যায়। এ ঘটনায় ঠিকাদার আবুল কালাম থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, দাগনভূঞা পৌরসভা এবং এলজিইডির বিভিন্ন রাস্তার কার্পেটিং কাজের জন্য প্লান মেশিন বসানো হয়েছে। এসব কাজের জন্য বিটুমিন, পাথর, গাড়ীসহ বিভিন্ন মালামাল এনে ফেনী-চৌমুহনী মহাসড়কের উত্তর পাশে দুলামিয়া কটন স্পিনিং মিলসের পূর্ব পাশে খালি জায়গায় ডিপো তৈরী করে মালামাল রাখা হয়। সেখানে ডিপুতে ৬৪ ড্রাম বিটুমিন ছিল সেখান থেকে ৪০ ড্রাম বিটুমিন গভীর রাতে দুর্বৃত্তরা পিকআপে করে নিয়ে যায়।
ডিপোর পাহারাদার নূর ইসলাম জানান, সেই রাতে আমি ঘুমিয়ে যাই। কিন্তু রাত ২টা থেকে ৪টার মধ্যে বিটুমিনগুলো ড্রামসহ চুরি করে নিয়ে যায়। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি আমার উক্ত বিটুমিনগুলো নাই।
এ বিষয়ে ঠিকাদার আবুল কালাম বলেন, আমি সরকারি লাইসেন্সপ্রাপ্ত একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। সরকারি কাজের জন্য আমরা মালামাল এনে রেখেছি। যা জনগণের স্বার্থেই ব্যবহার হয়। এভাবে যদি আমাদের মালামাল চুরি হয়ে যায় আমরা কাজ করবো কিভাবে? আমরা আমাদের কাজের নিরাপত্তা চাই
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
রিপোর্টার্স২৪/মিতু