আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়িয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের উদ্দেশে বলেছেন, তারা যেন নিজেরাই জ্বালানি সংগ্রহের ব্যবস্থা করে।
মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে মার্কিন বাজারেও। তিন বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ৪ ডলার অতিক্রম করল।
ট্রাম্প আবারও ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন, তারা ইরান যুদ্ধের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখছে না। তিনি মন্তব্য করেন, নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করতে শিখতে হবে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ, যাতে তারা সংঘাতে আরও সক্রিয় হয় বা জ্বালানি সংকট মোকাবিলায় নিজস্ব উদ্যোগ নেয়।
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলো ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এর ফলে শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ ও এশিয়াতেও জ্বালানি ব্যয় বেড়ে যাচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করছে।
জ্বালানির দাম বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ব্যয় বেড়েছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠছে। বিশেষ করে আসন্ন নির্বাচনের আগে এটি বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরান যুদ্ধ নিয়ে কড়া অবস্থান বজায় রেখেছেন। তিনি সামরিক শক্তি ব্যবহারের পক্ষে জোরালো বক্তব্য দিয়ে যাচ্ছেন।বিশ্লেষণে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
রিপোর্টার্স২৪/এসসি