স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে চিকিৎসকদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার সংস্কৃতি থেকে সরে আসবে সরকার। নতুন বাংলাদেশে কোনো চিকিৎসককে রাজনৈতিক কারণে পদায়ন বা পদোন্নতি থেকে বঞ্চিত করা হবে না বলে অঙ্গীকার করেন তিনি।
সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত ১৫-১৬ বছরে অনেক চক্ষু চিকিৎসক শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাসের কারণে পদায়ন ও পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, যা তাদের পেশাগত জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। একজন চিকিৎসকের জীবনের ১৫ বছর নষ্ট করে দেওয়া শুধু ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি অমানবিকও,— বলেন তিনি।
বর্তমান সরকার জনগণের সমর্থনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। আমরা সেই বাংলাদেশে ফিরতে চাই না, যেখানে রাজনৈতিক ভিন্নমতের কারণে পেশাগত দক্ষতাকে অপমান করা হয়,— যোগ করেন তিনি।
সরকারের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, একটি বৈষম্যহীন ও মেধাভিত্তিক সমাজ গড়ে তোলা হবে, যেখানে তরুণরা তাদের যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যেতে পারবে। একই সঙ্গে চিকিৎসকদের অধিকার রক্ষা এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
চক্ষু চিকিৎসা খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, অতীতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো অবহেলার শিকার হয়েছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রয়োজনীয় সংখ্যক অধ্যাপক না থাকায় তরুণ চিকিৎসকদের প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে। নয়টি পদের বিপরীতে মাত্র দুইজন অধ্যাপক থাকলে মানসম্মত প্রশিক্ষণ কীভাবে সম্ভব?— প্রশ্ন রাখেন তিনি।
তিনি জানান, এসব সমস্যা দ্রুত সমাধানে সরকার পদক্ষেপ নেবে এবং শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসক সমাজের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, চক্ষু চিকিৎসা খাতের উন্নয়নে গঠনমূলক যে কোনো প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।