কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের বালিয়াপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং অভিযুক্তদের গ্রেপ্তারের পরও ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে নুরুল ইসলাম ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা জানান, স্থানীয় খোরশেদ আলমের ছেলে বোরহান উদ্দিন প্রকাশ্যে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এ কারণে তারা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ও খোরশেদ আলমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৯ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে বোরহান উদ্দিন, খোরশেদ আলমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় নুরুল ইসলাম, তার স্ত্রী শেমলা বেগমসহ পরিবারের কয়েকজন সদস্যকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্তদের কয়েকজন এখনও পলাতক রয়েছে বলে অভিযোগ রয়েছে।
নুরুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পরও আমাদের ওপর চাপ ও হুমকি বেড়েই চলছে। খোরশেদের ছেলে বোরহান প্রকাশ্যে আমাদের হত্যার হুমকি দিচ্ছে। আমরা এখন জীবন নিয়ে চরম শঙ্কায় আছি।
তিনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে আমাদের জমি দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু