স্টাফ রিপোর্টার: যুব প্রশিক্ষণের নামে গত ১৬-১৭ বছর অনেক বড় বড় দুর্নীতি হয়েছে এবং যারা সুযোগগুলো নিয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা জানান । এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আমিনুল হক বলেন, আমি এখানে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমি আপনার সঙ্গে অনেকটাই একমত যে আমি অল্প সময় দায়িত্ব নেওয়ার পরে যেটা দেখেছি—বিগত ১৬ বছর ১৭ বছর এই যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে। অনেক কিছু ইতোমধ্যে পরিলক্ষিত হয়েছে আমার দৃষ্টিতে এবং সেগুলো আপাতত আমার কাছে পর্যবেক্ষণের জন্য রেখে দিয়েছি। পর্যবেক্ষণ করে বিগত সময় যেখানেই দুর্নীতি হয়েছে, সেগুলোকে কীভাবে আমরা সুন্দরভাবে গুছিয়ে সমাধান করতে পারি... কারণ দুর্নীতিকে আমরা কখনোই কোনো প্রশ্রয় দেব না। যারা অবৈধভাবে বিভিন্নভাবে এই সুযোগগুলো নিয়েছেন তাদেরও আমরা বাছাই করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব ।
প্রতিমন্ত্রী বলেন, যুবকদের কর্মসংস্থানের জন্য যুবতীদের কর্মসংস্থানের জন্য আমাদের প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা অনুযায়ী আগামীতে আমাদের যে কর্মসংস্থানের লক্ষ্য, আমাদের কার্যক্রম, কীভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা আরও ব্যাপকভাবে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি এবং প্রশিক্ষণগুলো যেন একদম সঠিকভাবে করা হয় সেগুলো আমি নিজে তদারকি করব ইনশাল্লাহ।
রিপোর্টার্স২৪/ধ্রুব