ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামের একটি মিনি পেট্রোল পাম্পে এই অভিযান পরিচালনা করা হয়।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাম্পটিতে অভিযান চালানো হয়। এ সময় সংরক্ষণ ট্যাংক ও হাউজ তল্লাশি করে ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মজুদ করা হয়েছিল।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাম্প মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
জব্দ করা জ্বালানি তেল পরবর্তীতে পাম্পের মাধ্যমেই সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে বলে জানান ইউএনও। জ্বালানি সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাতে হালুয়াঘাট উপজেলায় পৃথক অভিযানে আরও ২৩০ লিটার জ্বালানি তেল জব্দ করে প্রশাসন।
রিপোর্টার্স২৪/এসসি