কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে তিনটি মাছধরা নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
শনিবার (২৮ মার্চ) সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আটক জেলেরা সবাই শাহপরীর দ্বীপের মাঝের পাড়া ও ডাঙ্গরপাড়ার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আহমদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক এবং মো. জাবের মিয়া (২৪)।
স্থানীয় জেলে নেতা হাসান আলী জানান, সকালে মাছ ধরার সময় নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থানরত জেলেদের লক্ষ্য করে আরাকান আর্মির সদস্যরা হানা দেয়। এ সময় তারা তিনটি নৌকাসহ ১৩ জেলেকে আটক করে নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ধরনের ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত তাদের উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, স্থানীয়দের মাধ্যমে ১৩ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি