রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করায় এডিস মশার প্রজনন ও ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। তাই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দেশের ৫৩৬টি স্কুল, কলেজ ও মাদরাসায় একযোগে ‘ক্লিন স্কুল, নো মসকিউটো’ শিরোনামের বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম শুরু করেছে।
শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই অভিযান উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রকোপ বাড়ার সম্ভাবনা থাকে। তাই স্কুল ও কলেজগুলোর প্রাঙ্গণ আগে থেকেই মশামুক্ত রাখা জরুরি। এই কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চাই।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে অনেক জায়গায় পরিচ্ছন্নতার ঘাটতি দেখা দিয়েছে। তাই আমরা তিন দিনের মধ্যে সব ৫৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পরিচ্ছন্ন করার লক্ষ্য নিয়েছি। শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার।
এই বিশেষ অভিযানের আওতায়:সম্ভাব্য সব এডিস মশার প্রজননক্ষেত্র শনাক্ত ও ধ্বংস করা হবে। বন্ধ থাকা শ্রেণিকক্ষ, স্কুল প্রাঙ্গণ ও আশপাশে লার্ভিসাইডিং ও এডালটিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের মধ্যে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য তথ্য ও ধারণা প্রদান করা হবে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় কমিউনিটি সঙ্গে সমন্বয় করে কার্যক্রমের ফলপ্রসূতা নিশ্চিত করা হবে।
ডিএনসিসি জানাচ্ছে, এই সমন্বিত উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মশামুক্ত রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/ঝুম