ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরির ঘটনায় আটক এক ব্যক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত এএসআই মোহাম্মদ মাসুদকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং ঘটনায় তদন্ত চলছে।
জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবদুর রউফ জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের দশানি গ্রামে মানিক মিয়ার একটি গরু চুরি হয়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে সন্দেহভাজন আলাল মিয়ার বাড়ি থেকে গরুটি উদ্ধার করে এবং তাকে আটক করে।
এ সময় আলালের ব্যবহৃত মোবাইল ফোনে বাঞ্ছারামপুর মডেল থানার এএসআই মাসুদের সঙ্গে কথোপকথনের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়। ইমোতে ভয়েস মেসেজ, চ্যাট ও কলের আলামতও রয়েছে বলে জানান স্থানীয়রা। এমনকি গরু চুরির আগে আলাল ওই পুলিশ সদস্যের কাছে সহযোগিতা চেয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এএসআই মাসুদ। তিনি বলেন, না চিনেই ইমোতে কথা বলেছেন, এর বাইরে তার কোনো সম্পৃক্ততা নেই।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, আলাল মিয়াকে আটক করা হয়েছে এবং তার সঙ্গে পুলিশের সদস্যের যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি