কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। চালক ব্যতিত নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। নিহতরা হচ্ছে- খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন, বোন ঝর্ণা, ভাগনি লাবিবা ও চালক। ভাগনে আবরার ও আরশাদ গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেটকারের যাত্রীরা মিয়ামি হোটেলে খাবার শেষে সড়কে উঠছিলেন। এ সময় ঢাকা থেকে নোয়াখালীগামী স্টারলাইন পরিবহনের বাসটি এসে প্রাইভেটকারটিকে চাপা দেয়।
পুলিশ জানায়, কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও তিনজন ও পরে একজন মারা যান।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব