রিপোর্টার্স২৪ ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ-কে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ-এর আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এজাহারভুক্ত আসামিসহ ৫০০ থেকে ৭০০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। এ সময় বিভিন্ন দিক থেকে গুলিবর্ষণ করা হলে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন।
পরবর্তীতে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।
এই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় তদন্তের স্বার্থে শেখ মামুন খালেদকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
রিপোর্টার্স২৪/ঝুম