রিপোর্টার্স২৪ডেস্ক: সন্ধ্যার পর হঠাৎ করেই রাজধানীর আকাশ কালো হয়ে ওঠে। শুরু হয় কালবৈশাখীর ঝোড়ো হাওয়া, সঙ্গে বয়ে যায় ধুলিঝড়। বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য ঝড়ের তীব্রতা লক্ষ্য করা যায়।
এরপর ধীরে ধীরে ঝড়ের দাপট কমে এলে শুরু হয় বৃষ্টি, যা ক্রমেই বাড়তে বাড়তে এক পর্যায়ে মুষলধারে বর্ষণে রূপ নেয়। এতে নগরজীবনে স্বস্তি ফিরলেও কোথাও কোথাও সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার প্রভাবে এ ধরনের আবহাওয়া বিরাজ করছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রিপোর্টার্স২৪/এসসি