রিপোর্টার্স২৪ ডেস্ক: বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা রুখতে তেল মজুদ না করার জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি কড়া আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।
বুধবার (২৫ মার্চ) তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, অপ্রয়োজনীয়ভাবে তেল মজুদ করে বাজারে অস্থিরতা তৈরি করা হলে তা সহ্য করা হবে না। সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
এসময় তিনি সরকারের এক মাসের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন। স্বল্প আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট প্রকল্প চালু করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি প্রান্তিক কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।
কৃষকদের সরাসরি সহায়তা পৌঁছে দিতে চালু করা হচ্ছে স্মার্ট ‘কৃষক কার্ড’, যার মাধ্যমে সার, বীজ ও ঋণ সুবিধা সহজে পাওয়া যাবে। এছাড়া ইমাম-মুয়াজ্জিন ভাতা চালু এবং খাল খনন কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগও নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে গঠনমূলক সমালোচনা অত্যন্ত প্রয়োজন—এতে রাষ্ট্র পরিচালনা আরও স্বচ্ছ ও কার্যকর হবে।
রিপোর্টার্স২৪/ঝুম