প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 25-03-2026 ইং
সংবাদ শিরোনামঃ মাদারীপুরে দ্বিতীয় বিয়ে নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৪
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন একই এলাকার আদালতি মাতুব্বরের ছেলে দাদন মাতুব্বর (৬০), তার ছেলে বাতেন মাতুব্বর (৩০), মৃত তারা মাতুব্বরের ছেলে আব্বাস আলী মাতুব্বর এবং পলি আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে দাদন মাতুব্বরের নাতনি মুক্তা আক্তারের সঙ্গে একই এলাকার হারুন মোল্লার ছেলে সোহেল মোল্লার বিয়ে হয়। তবে পারিবারিক কলহের জেরে গত এক বছর ধরে সোহেলের পরিবারের সঙ্গে মুক্তার কোনো যোগাযোগ ছিল না। এ অবস্থায় গোপনে সোহেল মোল্লা দ্বিতীয় বিয়ে করে বিদেশে চলে যান।
সম্প্রতি বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতে মুক্তার পরিবার সোহেলের বাড়িতে গিয়ে দ্বিতীয় বিয়ের বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, সোহেলের নানা আজাহার মাতুব্বরের নেতৃত্বে একদল লোক মুক্তার পরিবারের ওপর হামলা চালায়। এতে নারীসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।