সিনিয়র রিপোর্টার: মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-এর আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে অংশ নিয়ে শিশুদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ডা. জুবাইদা রহমান।
‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক এ দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের ৪০টিরও বেশি ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন, যা শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে ডা. জুবাইদা রহমান শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষা খাতে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একজন চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ- যেখানে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থার ওপরও সমান জোর দেওয়া হয়।
তিনি আরও বলেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর। তাই একটি অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।
বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর মতো উদ্যোগের কথা উল্লেখ করেন, যা পরিবারকে আর্থিকভাবে শক্তিশালী করে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করছে।
শিক্ষা ও প্রযুক্তির প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সরঞ্জাম সরবরাহ, পাঠ্যক্রম আধুনিকায়ন এবং মাল্টিমিডিয়া-ভিত্তিক শ্রেণিকক্ষ গড়ে তোলার বিষয়েও তিনি আলোকপাত করেন।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি খালেদা জিয়া-এর অবদানের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে নারী শিক্ষা ও ক্ষমতায়নের একটি শক্তিশালী ভিত্তি রয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের শিক্ষা উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করা হয়। ডা. জুবাইদা রহমান ও তাঁর প্রতিনিধিদল এ প্রদর্শনী পরিদর্শন করেন।
বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
রিপোর্টার্স২৪/আরকে