সিনিয়র রিপোর্টার: ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসে ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনায় অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের দুই স্টুয়ার্ডকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে।শুক্রবার (২০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত ভিডিওতে ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত একটি চক্রের কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওটির সত্যতা পাওয়া গেছে।
তদন্তে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী স্টুয়ার্ড মিনহাজুল ও ইমরানের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ২৪ মার্চের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটির ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি