স্টাফ রিপোর্টার: সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে তিনি ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শুভেচ্ছা বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ফিরে এসেছে। ঈদ মানুষের মধ্যে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে,যা একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি তার নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে এবং সবাই নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উৎসবটি উদযাপন করতে পারবে।
রিপোর্টার্স২৪/এসসি