রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের প্রধান দুই সড়ক সংযোগ পদ্মা সেতু ও যমুনা সেতু এ তৈরি হয়েছে অভূতপূর্ব যানবাহনের চাপ। আর এই চাপ সামাল দিয়েই একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার ও টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে সেতুদ্বয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রার প্রথম তিন দিনেই এই দুই সেতু দিয়ে মোট ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে। যা আগের বছরের একই সময়ের ১ লাখ ৮০২টির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যাত্রীচাপ বাড়লেও কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা বা অচলাবস্থার সৃষ্টি হয়নি। এটিই এবারের বড় সাফল্য হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।
টোল আদায়েও এসেছে বড় অগ্রগতি। চলতি বছরের প্রথম তিন দিনে মোট টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা। যেখানে গত বছর একই সময়ে আদায় হয়েছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা। অর্থাৎ, সেতুগুলোর ব্যবহার যেমন বেড়েছে, তেমনি রাজস্ব আদায়েও এসেছে ইতিবাচক পরিবর্তন।
বিশেষ করে যমুনা সেতুতে একদিনে সর্বোচ্চ যান চলাচলের নতুন রেকর্ড গড়ে উঠেছে। ১৮ মার্চ একদিনেই ৫১ হাজার ৩৮৪টি যানবাহন সেতুটি পার হয়েছে। আগের বছর এই সংখ্যা ছিল ৪৮ হাজার ৩৬৮টি। একই দিনে টোল আদায়ও পৌঁছেছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকায়, যা আগের বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
এত বিপুল যানবাহনের চাপ থাকা সত্ত্বেও বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজটের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আগাম পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ ব্যবস্থাপনার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।
ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ। টোল প্লাজায় দক্ষ কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, সার্বক্ষণিক সব লেন চালু রাখা, মোটরসাইকেলের জন্য আলাদা লেন বৃদ্ধি, নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন চালু এবং আধুনিক ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মনিটরিং জোরদার করা হয়েছে।
পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে মাওয়া ও এলেঙ্গা বাস-বে চালু রাখা, সেতুর বিভিন্ন স্থানে নিরাপত্তাকর্মী মোতায়েন, জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধারে ভারী রেকার প্রস্তুত রাখা হয়েছে। এমনকি যাত্রীদের জন্য ইফতার সামগ্রী বিতরণের মতো মানবিক উদ্যোগও নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম