রিপোর্টার্স২৪ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার পাঁচ গ্রামের কাদেরিয়া তরিকার অনুসারী দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি আগামীকাল শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপন করবেন। প্রায় শত বছর ধরে চলে আসা ঐতিহ্যের সঙ্গে মিল রেখে এ বছরও এসব গ্রামের মানুষ একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর পালন করবেন।
আগামীকাল সকালে (সকাল ৮টায়) নোয়াখালীর তিন উপজেলার ১০টি মসজিদে জামাতের মাধ্যমে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।ঈদ উদযাপন করা গ্রামগুলো:নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়ণপুর গ্রাম,কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর গ্রাম, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম।
কাদেরিয়া তরিকার অনুসারীরা বলেন, বড় পীর আবদুল কাদির জিলানীর মতাদর্শ অনুযায়ী তারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা শুরু করে ঈদ উদযাপন করে। এছাড়া তারা ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন।
বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কাদেরিয়া তরিকার অনুসারী মো. সিরাজ মিয়া বলেন, আমরা পূর্বপুরুষদের দেখানো পথ অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা ও ঈদ উদযাপন করি। এ বছরও তার ব্যতিক্রম হবে না।
নোয়াখালী পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নিশ্চিত করছে যে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন উপজেলার পাঁচটি গ্রামে দুই শতাধিক মুসল্লি শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারবেন।বাসস
রিপোর্টার্স২৪/এসসি