বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পৌরসভার মেঘলা এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেঘলা লালমোহন বাগান এলাকার একটি পাহাড়ের নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন,রমেসিং তঞ্চগ্যা (২৮) এবং তার চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মার্মা। তারা মেঘলা কানাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে মা-মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা মেঘলা লালমোহন বাগান এলাকার একটি উঁচু পাহাড়ের নিচে তাদের পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ের ওপর থেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হতে পারে।তবে স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের শনাক্ত ও শাস্তির আওতায় আনা হোক।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রিপোর্টার্স২৪/এসসি