স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদ এর কাছে হার মেনে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে। দ্বিতীয় লেগে ২-১ গোলের জয়ে দুই ম্যাচ মিলিয়ে ৫-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই ছিল নাটকীয়তা। প্রথমার্ধেই বড় বিতর্কের জন্ম দেন রেফারি। ভিনিসিয়ুস অফসাইড কি না—তা নিয়ে বিভ্রান্তির পর রেফারেল দেখে তাকে অনসাইড ঘোষণা করা হয়। এরপর বার্নাডো সিলভা হ্যান্ডবলের দায়ে লাল কার্ড দেখেন এবং পেনাল্টি পায় রিয়াল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন ভিনিসিয়ুস।
একজন কম নিয়ে খেলেও ম্যাচে ফেরার চেষ্টা করে সিটি। প্রথমার্ধের শেষ দিকে আর্লিং হালান্ড গোল করে সমতা ফেরান। তবে ম্যাচে টিকে থাকতে আরও তিনটি গোল প্রয়োজন ছিল তাদের, যা আর সম্ভব হয়নি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও কয়েকটি গোল অফসাইডে বাতিল হয়। শেষদিকে আবারও জালে বল জড়ান ভিনিসিয়ুস, যা রিয়ালের জয় নিশ্চিত করে।
প্রথম লেগে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকায় সিটির জন্য ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। শেষ পর্যন্ত সেই ব্যবধান আর পুষিয়ে নিতে পারেনি পেপ গার্ডিওলার দল। ফলে ইউরোপ সেরা হওয়ার লড়াই থেকে ছিটকে যায় ইংলিশ ক্লাবটি।
অন্যদিকে দারুণ আত্মবিশ্বাস নিয়ে শেষ আটে জায়গা করে নেয় রিয়াল মাদ্রিদ।