রিপোর্টার্স২৪ ডেস্ক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের ৬০ শতাংশ করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী সম্প্রতি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে পাঠানো একটি আধা সরকারি পত্রে (ডি.ও. লেটার) এই প্রস্তাব দিয়েছেন।
চিঠিতে তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শিক্ষা খাতে অপরিসীম অবদান রাখছেন। তাদের চাকরি-সুবিধা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়ন করা সরকারের দায়িত্ব।
শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, অতীতে শিক্ষা খাতের তুলনায় ভৌত অবকাঠামো খাতে বেশি বাজেট বরাদ্দের কারণে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে বৈষম্য তৈরি হয়েছে। এই সমস্যা সমাধানে শিক্ষার বাজেট বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৬ লাখ ৪ হাজার ৬৫১ জন, যারা এখন মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। প্রস্তাব অনুযায়ী এই ভাতা ৬০ শতাংশে বৃদ্ধি পাবে।
অতিরিক্ত ১০ শতাংশ ভাতা বৃদ্ধির ফলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বছরে ১৯০ কোটি টাকা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৯৫ কোটি ৮০ লাখ টাকা, মোট ২৮৫ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে।
রিপোর্টার্স২৪/ঝুম