রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর শেষ হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দেশে শুরু হয়েছে সরকারি ছুটি। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও ঈদের ছুটি শুরু হয়েছে, আর মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফিরছে।
মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার (১৮ মার্চ) বৈঠক করবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হিজরি শাওয়াল মাসের শুরু এবং ঈদের দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে।
এবারের রমজান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি জানান, আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাবে না। সেক্ষেত্রে শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে ২০ মার্চ। এই হিসেবে আগামী শুক্রবার (২০ মার্চ) সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ ওই অঞ্চলের বেশিরভাগ দেশে ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্য ও আরবের দেশগুলোর এক দিন পরে ঈদুল ফিতর উদযাপিত হয়। তাই বাংলাদেশে ঈদের সম্ভাব্য দিন হলো আগামী শনিবার (২১ মার্চ)।
জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে বৈঠক করবে। সেই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ঈদ উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)। চাঁদ না দেখা গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ উদযাপন হবে শনিবার (২১ মার্চ)।
রিপোর্টার্স২৪/আরকে