রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদযাত্রাকে কেন্দ্র করে অনলাইনে কেনা ট্রেনের টিকিট নিয়ে বিপাকে পড়ছেন অনেক যাত্রী। বিশেষ করে কম্পিউটারের দোকান থেকে সংগ্রহ করা টিকিটের পিডিএফ কপি ব্যবহার করে ভ্রমণের সময় জাল টিকিটের অভিযোগে ধরা পড়ছেন অনেকে।
মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। সকাল সোয়া ৯টার দিকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময় কয়েকজন যাত্রীকে জাল টিকিটসহ শনাক্ত করা হয়।
ঘটনাস্থলে দেখা যায়, একই টিকিটের পিডিএফ কপি তিন যাত্রীর কাছে পাওয়া যায়। সিট নিয়ে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসে। পরে যাচাই করে দেখা যায়, তিনজনের মধ্যে একজনের টিকিট বৈধ হলেও বাকি দুজনের টিকিট জাল।
ভুক্তভোগী যাত্রী মো. জুবায়ের হাসান বলেন, তিনি কম্পিউটারের দোকান থেকে টিকিট কেটেছিলেন এবং এটি জাল- তা তিনি জানতেন না। পরে তাকে অতিরিক্ত টাকা দিয়ে স্ট্যান্ডিং টিকিট কেটে যাত্রা করতে হয়েছে।
রেলওয়ের একজন দায়িত্বপ্রাপ্ত টিটিই জানান, জাল টিকিটধারীদের শনাক্ত করে জরিমানা করা হচ্ছে এবং প্রয়োজনে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। তবে আগের তুলনায় এ ধরনের ঘটনা কিছুটা কমেছে বলেও দাবি করেন তিনি।
ঈদযাত্রা সুশৃঙ্খল রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। স্টেশন ও প্ল্যাটফর্মে প্রবেশের সময় তিন স্তরের টিকিট যাচাই চালু করা হয়েছে, ফলে বিনা টিকিটে প্রবেশ প্রায় বন্ধ হয়েছে।
ভ্রাম্যমাণ টিটিই আফতাব জানান, টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে পরিবারের সদস্যসংখ্যার তুলনায় টিকিট কম থাকলে নির্ধারিত ভাড়ায় তাৎক্ষণিক স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রবেশপথে একাধিক ধাপে টিকিট পরীক্ষা চালুর ফলে যাত্রীরা এখন তুলনামূলকভাবে সুশৃঙ্খলভাবে ট্রেনে উঠতে পারছেন।
রিপোর্টার্স২৪/আরকে