পটুয়াখালী প্রতিনিধি: জেলার গলাচিপায় খাল খনন কাজের উদ্বোধন করতে গিয়ে জেলেদের জন্য ইজারা প্রথা বন্ধের ইঙ্গিত দিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
সোমবার (১৬ মার্চ) দুপুরে গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকায় দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা খাল ও এর শাখা খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জেলেদের অনেক সময় মাছ ধরতে গিয়ে বিভিন্ন স্থানে ইজারা দিতে হয়, যা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। এ বিষয়ে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘জাল যার, জল তার’-যাদের জাল আছে তারাই মাছ ধরবে, সেখানে কোনো ইজারা থাকবে না, বলেন তিনি।
নুর আরও বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা বিতরণে কোনো ধরনের দলীয় প্রভাব বা পক্ষপাত যেন না থাকে।
ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ, বয়স্ক ভাতা ও অন্যান্য সহায়তা কার্যক্রম প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী নুর বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী চরাঞ্চলের জমি উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যাদের বৈধ দলিল রয়েছে তারা যেন তাদের জমি ভোগ করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করা হবে। পাশাপাশি এক বছরের জন্য লিজ দেওয়া জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব