বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগেই শ্রমিকদের অগ্রিম বেতন ও বোনাস পরিশোধ করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর বর্তমান কার্যকরী পরিষদ।
সোমবার (১৬মার্চ) সকালে বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে শ্রমিক বিশ্রামাগারে আয়োজিত এক সমাবেশে বিভিন্ন শ্রমিক সেক্টরের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ বেতন ও বোনাস পরিশোধ করা হয়।
বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদ আলীর সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
শ্রমিক সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক শহিদ আলী বলেন, আমরা চাই শ্রমিকদের ন্যায্য অধিকার যথাসময়ে নিশ্চিত করতে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ সময় পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে সবারই কিছু না কিছু চাওয়া-পাওয়া থাকে। তাই আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সচেষ্ট। কারণ শ্রমিক না থাকলে দেশের কলকারখানার উৎপাদনও থেমে যাবে। তাই সকল প্রতিষ্ঠানের শ্রমিকদের যথাযথ মর্যাদা দেওয়া উচিত।
এ সময় বন্দরের সাধারণ শ্রমিক সাহাদত হোসেন বলেন, ‘আমরা সাধারণ শ্রমিকরা ঈদের আগেই অগ্রিম বেতন ও বোনাস পেয়ে খুবই আনন্দিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দরবিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, ইছাহক মেম্বার, জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সর্দার হাসেম আলীসহ ইউনিয়নের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।
রিপোর্টার্স২৪/মিতু