স্টাফ রিপোর্টার: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার মোঃ মাজহারুল ইসলাম।
পুলিশ জানায়, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় উপস্থিত পথচারীরা হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে এ ঘটনায় আরও দুই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবর্ষণের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও আহত ব্যক্তিকে আঘাত করা হয়েছে। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিপোর্টার্স২৪/এসসি