রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সরকারের নতুন বিশ্ববিদ্যালয় ও টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন পরিকল্পনা নিয়ে তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন জানতে চেয়েছিলেন, দেশের বিভিন্ন স্থানে নতুন সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা আছে কি না এবং কবে তা বাস্তবায়ন হবে।
শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকার এই বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে মনোযোগী। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এরপর সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন তার নির্বাচনী এলাকায় টেকনিক্যাল/ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করলে শিক্ষামন্ত্রী জানান, “কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় প্রতি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কার্যক্রম চলছে। ঢাকার মহানগর এলাকায় এ মুহূর্তে নতুন কোনো সরকারি টেকনিক্যাল/ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা নেই।”
তবে তিনি উল্লেখ করেন, নির্বাচনী এলাকার নিকটবর্তী পূর্বাচলে ১টি টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এবং ১টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি গণপূর্ত মন্ত্রণালয়কে জমি বরাদ্দের জন্য চিঠি পাঠানো হয়েছে। জমি বরাদ্দ পাওয়া গেলে এই প্রকল্প বাস্তবায়িত হবে।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষামন্ত্রী দেশের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা সম্প্রসারণে সরকারের পরিকল্পনার পরিসর তুলে ধরেছেন।
রিপোর্টার্স২৪/আরকে