রিপোর্টার্স২৪ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ছুটিতে এসে দেশে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার (১৪ মার্চ) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রণালয় জানায়, ইরান–ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে অনেক কর্মী বাংলাদেশে অবস্থানকালে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হওয়ার পথে রয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব না হওয়ায় বিভিন্ন দেশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে দেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য তাদের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে।
এছাড়া কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগিরই শেষ হবে, সেসব ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি