নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের মদনগঞ্জ পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ট্রান্সফরমারের বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাবস্টেশনের জি-২ (G2) ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
মদনগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম মোমেন সরকার জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে এবং এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, বিকল্প হিসেবে সোনারগাঁও ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হলেও ওই সাবস্টেশনেও কারিগরি ত্রুটির কারণে সরবরাহ সম্পূর্ণভাবে স্বাভাবিক করা সম্ভব হয়নি। তবে, বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার জন্য পূর্ণ চেষ্টার কথা জানানো হয়েছে।
বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সঞ্জয় খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারে বৈদ্যুতিক গোলযোগের ফলে আগুনের সূত্রপাত হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় মদনগঞ্জ, সোনারগাঁও ও আশেপাশের কয়েকটি এলাকা অন্ধকারে ডুবে গেছে। বিদ্যুৎ পুনঃস্থাপনের জন্য দ্রুত কাজ চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে লোডশেডিং ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে শেষ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ কখন পুনরায় স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয়।
রিপোর্টার্স২৪/বাবি