রিপোর্টার্স২৪ ডেস্ক: মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহতরা হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়।
বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজন আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া হাইকমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে খোঁজ নিতে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এ ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম