চট্টগ্রাম প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—দৈনিক সংবাদ পত্রিকার বোয়ালখালী প্রতিনিধি দেবাশীষ বড়ুয়া রাজু (৫৫) ও দৈনিক পূর্বকোণ পত্রিকার পূজন সেন (৩৯)।
জানা যায়, এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের ওপর শ্রমিকরা চড়াও হয়ে মারধর করে। এরপর তাদের কারখানায় অবরুদ্ধ করে রাখে। এ সময় সাংবাদিকদের মোবাইলও ভাঙচুর করা হয়।
ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ, শিল্প পুলিশ ও বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছালেও কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি। দীর্ঘ চেষ্টার পর অবরুদ্ধ সাংবাদিকদের ও ভেতরে থাকা শিল্প পুলিশের এএসআই মিজানকে উদ্ধার করা হয়।
আহত সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং মূল ফটকে তালাবদ্ধ রেখেছেন। ফলে পুলিশ মূল ফটকের বাইরে অবস্থান করছে।
আহত সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কেন বা কী উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে তা বুঝতে পারিনি। তবে এটি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।”
এ বিষয়ে মালিকপক্ষ বা শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “অবরুদ্ধ হয়ে পড়া আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবেলা ও আইনশৃঙ্খলা রক্ষায় কারখানার বাইরে সতর্ক অবস্থানে রয়েছে।”
রিপোর্টার্স২৪/এসএন