ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে নাজমুল নামে এক পুলিশ সদস্যকে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে থানায় সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের দুধসারা সড়কের মুন্সি বেকারিতে।
মালিক মো. ইয়াদুল মুন্সির অভিযোগ, ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্য নাজমুল মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে বিকাশে টাকা পাঠান। পরে তিনি নগদ টাকা পরিশোধ না করে এটিএম বুথ থেকে টাকা তোলার দাবি করেন। অর্থ পরিশোধে গড়িমসি ও হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হন। পরে সবাই মিলে নাজমুলকে কোটচাঁদপুর সার্কেল অফিসে নিয়ে যান এবং পরবর্তীতে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফ জানান, নাজমুলের পরিচয় যাচাই করা হচ্ছে। অন্য জেলায় কর্মরত হলেও ইউনিফর্মে অপেশাদার আচরণের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান বলেন, থানায় হস্তান্তরের পর অভিযোগকারীরা কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় তাকে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে। তবে নাজমুলের নামে বিভিন্ন রিপোর্টও রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি