ময়মনসিংহ প্রতিনিধি: পবিত্র রমজান মাসে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের স্বস্তি দিতে ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এই কর্মসূচি আজ থেকে শুরু হয়ে আগামী ঈদুল ফিতর পর্যন্ত চলবে। সুলভ মূল্যের এই বাজার থেকে সাধারণ মানুষ গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা (জনপ্রতি সর্বোচ্চ ১ কেজি) এবং ১৪টি ডিম ১০০ টাকা (হালি প্রতি ২৮ টাকা হিসেবে) দামে কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ ১৪টি ডিম সংগ্রহ করতে পারবেন।
কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা মনোরঞ্জন ধর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াহেদুল আলম এবং জেলা ভেটেরিনারি অফিসার ডা. এ.জেড.এম. ওয়াহিদুল আলমসহ জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা।
জেলা ভেটেরিনারি অফিসার ডা. এ.জেড.এম. ওয়াহিদুল আলম জানান, “পবিত্র রমজান উপলক্ষে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আমিষের চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আগ পর্যন্ত এটি অব্যাহত থাকবে এবং সফল হলে ভবিষ্যতেও এমন কার্যক্রম পরিচালনা করা হবে।”
সুলভ মূল্যে পণ্য কিনতে আসা এক সাধারণ মানুষ বলেন, “বাজারে মাংসের যে দাম, তাতে আমাদের মতো মানুষের পক্ষে কেনা অসম্ভব ছিল। অনেক দিন পর কম দামে মাংস ও ডিম কিনতে পেরেছি।”
এক অসহায় মানুষ বলেন, যদি সুলভ মূল্যের পণ্য পরবর্তীতে বিনামূল্যে দেওয়া হতো, তাহলে আমরাও মাংস ও ডিম খেতে পারতাম।
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
রিপোর্টার্স২৪/ সাইফ