নরসিংদী প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটিবিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি যখন সরকারের দায়িত্বে আসবে, তখন দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও মৌলিক অধিকারসহ সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে।
সোমবার বিকেলে নরসিংদী স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, “শেখ হাসিনার আমলে বিগত ১৭ বছর দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। মানুষের বাকস্বাধীনতা ছিল না। বহু আন্দোলন ও সংগ্রামের পর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে।”
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি, নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলসহ সর্বস্তরের লোকজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/এসএন