স্টাফ রিপোর্টার: দায়িত্ব পালনে অবহেলা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপরেশন (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আরিফুর রহমান কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার (৮ মার্চ) ডিএনসিসির সচিব মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ লঙ্ঘন করে ক্রয় কার্যক্রম পরিচালনা করেছেন আরিফুর রহমান। এসব অনিয়মের কারণে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ উঠে আসে।
অফিস আদেশে আরও বলা হয়, এসব অনিয়মের প্রেক্ষিতে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯-এর বিধি ৪৯-এর ক, খ, ঘ, ঙ ও চ উপবিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি এবং সরকারি তহবিল তছরুপের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি বরখাস্ত অবস্থায় থাকবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগগুলোর বিষয়ে আরও বিভাগীয় তদন্ত চলবে। তদন্ত শেষে প্রয়োজন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।