ডিপ্লোম্যাটিক রিপোর্টার: যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের জন্য চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হলো ক্যাম্পের নিরাপত্তা, শরণার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রত্যাবাসন, এবং ক্যাম্পে মাদকসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ। হাইকমিশনার এই বিষয়ে একমত প্রকাশ করে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়মিত বিতর্কের মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে স্পটলাইটে রাখা সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশের মতো নিরাপদ পরিবেশে রোহিঙ্গাদের প্রত্যাবাসনেও যুক্তরাজ্য বিশ্বাসী।
বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা বিষয়ক সহায়তা, পুলিশ সংস্কার, অবৈধ ও অনিয়মিত অভিবাসন, সন্ত্রাসবাদ দমন এবং গোয়েন্দা তথ্য বিনিময়সহ অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করা হয়।
মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান এবং নতুন দায়িত্বে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম উন্নয়ন অংশীদার। ভিসা প্রতারণা রোধে দুই দেশের মধ্যে শীঘ্রই একটি চুক্তি স্বাক্ষর করা হবে। হাইকমিশনার জানান, অনিয়মিত অভিবাসন রোধে দু’দেশের বিশেষজ্ঞ ও উচ্চ পর্যায়ের মধ্যে দ্রুত একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করা হবে।
এছাড়া মন্ত্রী পুলিশ সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। দু’দেশ সন্ত্রাসবাদ দমন, গোয়েন্দা তথ্য বিনিময় এবং বন্দি প্রত্যর্পণে একমত প্রকাশ করে। হাইকমিশনার জানান, আগামী ১৬-১৭ মার্চ ২০২৬, অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত “International Fraud Summit”-এর সাইডলাইনে স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খান, ব্রিটিশ হাইকমিশন ঢাকার পলিটিক্যাল কাউন্সিলর টিম ডাকেট, জাস্টিস এন্ড হোম অ্যাফেয়ার্স কাউন্সিলর রায়ান ডানকানসন, ইন্টারন্যাশনাল লিঁয়াজো এন্ড মাইগ্রেশন অফিসার আবদুল ওয়াহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি