নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় তিনতলা ভবনের নিচতলায় থাকা একটি ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে ভবনটির নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধসে পড়ে।
এ ঘটনায় গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন এবং ভবনের এক ভাড়াটিয়া ছগির। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের আরও অন্তত চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙে পড়ে এবং দেয়ালে ফাটল দেখা দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে। ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহজাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিতাস গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে ঝুটের গুদামের ভেতরে গ্যাস জমে ছিল। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে তা বিস্ফোরণে রূপ নেয়।
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে বিস্তারিত কারণ নিশ্চিত করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। স্থানীয়দেরও গ্যাস লাইনের নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি