ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ২০১৮ সালে সংঘটিত শফিক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে আবারও সোচ্চার হয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিহত শফিক শহরের পরিচিত হোমিওপ্যাথি চিকিৎসক মরহুম তরফদার (পটলা)–এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে শফিককে হত্যা করে। ঘটনাটি সে সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে দীর্ঘ সময় পার হলেও হত্যাকাণ্ডের রহস্য পুরোপুরি উদঘাটন হয়নি বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যরা দাবি করেন, ঘটনার সময় শফিক হত্যার মামলা নিতে তৎকালীন থানার ওসি ইমদাদুল হক শেখ প্রথমে অনীহা প্রকাশ করেছিলেন। পরে শফিকের মা, বোন ও মামা বিভিন্ন স্থানে যোগাযোগ ও অনুরোধ করার পর মামলাটি গ্রহণ করা হয়।
নিহতের পরিবার ও স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, শফিক হত্যার প্রকৃত রহস্য কি কখনও উদঘাটন হবে না? খুনিরা কি পর্দার আড়ালেই থেকে যাবে?
ঝিনাইদহের মানবিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন। তারা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিষয়টি গুরুত্বসহকারে দেখার এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেন, একটি হত্যাকাণ্ডের রহস্য দীর্ঘদিন অমীমাংসিত থাকা শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য উদ্বেগের বিষয়। তাই দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন জরুরি।
রিপোর্টার্স২৪/এসএন