নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রিয়াজ উদ্দিন বাবু (৩৮) ওরফে ‘কিলার বাবু’ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহযোগী লিটন (৩৮) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একদল হামলাকারী বাবু ও লিটনের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক রিয়াজ উদ্দিন বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নাঈম (৩৫), মামুন (৪০), সেলিম (৪০) ও শাকিল (৪০) নামের চারজনসহ অজ্ঞাত আরও ১২ থেকে ১৫ জন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁরা রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
নিহত রিয়াজ উদ্দিন বাবু ফতুল্লার শান্তিনগর বাজার এলাকার হাফিজ উদ্দিন মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি এলাকায় ‘ন্যাড়া বাহিনী’ নামে একটি ছিনতাইকারী চক্রের নেতৃত্ব দিতেন এবং ‘কিলার বাবু’ নামে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
ফতুল্লা থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন