রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং বৃহস্পতিবার (৫ মার্চ) ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। মোট ৬ দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২১০।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি এবং ফ্লাইট দুবাইয়ের ৪টি।
এছাড়া, ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে প্রবল প্রভাব পড়েছে এবং যাত্রীদের জন্য ভ্রমণ বিপর্যয় তৈরি হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম