স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়িফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বড় ঘোষণা দিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ঈদের সাধারণ ছুটির সঙ্গে নির্বাহী আদেশে একদিনের বাড়তি ছুটি যুক্ত হতে পারে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করেই ঈদের ছুটি শুরু করতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সরকারি ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিন ঈদের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি। মাঝখানের দিন অর্থাৎ ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৭ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
আগামীকাল বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে এই বাড়তি ছুটির প্রস্তাবটি অনুমোদিত হতে পারে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মার্চ মাসের শেষ সপ্তাহেও টানা তিন দিনের ছুটির সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব