স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এ জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২৬ ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগামী ৫ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মোট ১০ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮ হাজার পুরুষ এবং ২ হাজার নারী প্রার্থী নিয়োগ পাবেন। এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে।
আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২০ বছর। ৩১ মার্চ ২০২৬ তারিখে যাদের বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকবে, তারা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের সাধারণ ও অন্যান্য কোটায় ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটায় ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটায় বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনুমোদিত ওজন থাকতে হবে এবং দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটায় ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটায় ৫ ফুট ২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ওজন থাকতে হবে এবং দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা, যা অফেরতযোগ্য।
নির্বাচন প্রক্রিয়ায় প্রথমে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে নির্ধারিত নিয়োগবিধি অনুযায়ী প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। সেখান থেকে নির্দিষ্টসংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (পিইটি)-এ অংশগ্রহণের জন্য বাছাই করা হবে। পিইটি-তে দৌড়, পুশ-আপ, লং-জাম্প, হাই-জাম্প, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং অন্তর্ভুক্ত থাকবে।
শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি-তে উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর অনুষ্ঠিত হবে এবং মোট নম্বর থাকবে ৪৫।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৩১ মার্চ ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
রিপোর্টার্স২৪/ধ্রুব