রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাৎসরিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এবার ঈদুল ফিতরে মোট পাঁচ দিন ছুটি নির্ধারিত রয়েছে। ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এর সঙ্গে ১৯ ও ২০ মার্চ ঈদের আগে এবং ২২ ও ২৩ মার্চ ঈদের পরে দুই দিন করে নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত আছে।
সরকারিভাবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি থাকার কথা। তবে ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।
এর আগে ১৭ মার্চ রয়েছে শবেকদর-এর ছুটি। মাঝখানে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হলে শবেকদর ও ঈদের ছুটি মিলিয়ে টানা সাত দিনের অবকাশ তৈরি হতে পারে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মন্ত্রিসভার বৈঠকের পর।
রিপোর্টার্স২৪/আরকে