রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কোস্ট গার্ড-কে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাহিনীটির দেশপ্রেম, পেশাদারিত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কোস্টগার্ড সদস্যদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, সমুদ্র উপকূল ও নদীতীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রী বিশেষভাবে দুর্যোগ মোকাবিলা ও জনস্বার্থে পরিচালিত কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন। পাশাপাশি বাহিনীর চলমান আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশ্বস্ত করেন।
বৈঠকের শেষাংশে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে বাহিনীটি দেশের সমুদ্রসীমার অতন্দ্র প্রহরী হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করবে।
রিপোর্টার্স২৪/আরকে